বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। তারা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, চীনে বাংলাদেশি সেনা সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্ব দেন। এছাড়া সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ উদ্যোগ ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের সহায়তার প্রশংসা করেন, আর চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনী আধুনিকায়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যত সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।