ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার বলেন, মধুর ক্যান্টিনের একটি অনুষ্ঠানে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘র’-এর অর্থায়নে চলে এবং আওয়ামী লীগকে সুবিধা দিতে কাজ করে বলে দাবি করেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২০ নভেম্বর বা কাছাকাছি সময়ে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলটি, এর আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে নিয়ে বক্তব্য দেন এবং তা প্রকাশ্যে প্রচার করেন।
মামলায় বলা হয়, বক্তব্যগুলোর মাধ্যমে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা, অবৈধ বিদেশি অর্থায়ন, গোপন বৈঠক ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তবে এসবের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ, যাচাই করা তথ্য বা সমর্থনযোগ্য নথি উপস্থাপন করা হয়নি বলে আরজিতে দাবি করা হয়। আইনজীবীর মাধ্যমে ২২ নভেম্বর পাঠানো নোটিশে বক্তব্য বন্ধ, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা এবং প্রমাণ প্রকাশ চাওয়া হলেও নির্ধারিত সময়ে তা করা হয়নি বলে মামলায় উল্লেখ আছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।