ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা সীমান্ত পরিদর্শনে আগরতলায় এসেছেন—এমন খবরের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি। বুধবার বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।
এর আগে দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল আগরতলায় আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধিদলে দলের পাঁচ থেকে সাতজন জ্যেষ্ঠ নেতা ছিলেন বলে সূত্রগুলো জানিয়েছে। বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে স্থলবন্দরে যান।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সিরাজুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে নানকের নেতৃত্বাধীন একটি দল নাশকতার উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করছে বলে তারা খবর পেয়েছেন। কেন্দ্রীয় বিএনপির নির্দেশে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বলে তিনি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।