বাংলাদেশের চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর ফোনালাপে তিনি উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া ও তার প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না এবং চাহিদা-সরবরাহের ব্যবধান কমাতেই এ সহায়তা চাওয়া হয়েছে। তিনি বলেন, আমদানিকৃত এলএনজি রিগ্যাসিফাই করার জন্য ব্যবহৃত এফএসআরইউ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত স্থাপনা হলেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সংকট সমাধানে সর্বাত্মক চেষ্টা করছে।
সমস্যার গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান, যা মালয়েশিয়া সফররত শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন কুয়ালালামপুরে হস্তান্তর করেন। আনোয়ার ইব্রাহিম তাঁর দল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত আলোচনা করে কী ধরনের সহায়তা সম্ভব তা জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও আরপিজিসিএল দিনরাত কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।