ফেনী জেলার সাতটি খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সদর, দাগনভূঞা, ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজী উপজেলার এসব প্রকল্পে কাগজে-কলমে ২ হাজার ৭৭৮ জন শ্রমিকের নাম থাকলেও বাস্তবে কয়েকটি এক্সকাভেটর দিয়ে কাজ চলছে। এতে সরকারি কর্মসংস্থান কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং স্থানীয় শ্রমিকরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় সাড়ে ১১ কোটি টাকার এই প্রকল্পে নির্ধারিত গভীরতা ও প্রস্থ বজায় রাখা হয়নি বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৫–২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। ফেনীর ছয় উপজেলার ১২টি খালের মধ্যে সাতটি অনুমোদিত হয়, যার মোট দৈর্ঘ্য ৪৯ কিলোমিটার। অভিযোগ রয়েছে, প্রকল্পের অর্থ আত্মসাতের জন্য ভুয়া শ্রমিক অ্যাকাউন্ট ও মাস্টার রোল তৈরি করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মনিরা হক জানান, প্রকল্পের শর্ত অনুযায়ী ওয়েজ ও নন-ওয়েজ উভয়ভাবে কাজ করতে হবে এবং তিনি সংশ্লিষ্ট ইউএনওদের সঙ্গে কথা বলে বিষয়টি জানবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।