জাতীয় সমাজতন্ত্র দলের (জেএসডি) দুই শীর্ষ নেতা গণভোটের ম্যান্ডেট অস্বীকারকে রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রেক্ষিতে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান, জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষা এবং জাতীয় সনদ ও গণভোটে প্রকাশিত গণরায়ের আলোকে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার এখন সময়ের দাবি। নেতারা অভিযোগ করেন, সরকার জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের পরিবর্তে সংসদীয় কমিটির মাধ্যমে তথাকথিত সংশোধনের পথে এগোচ্ছে। তারা বলেন, সংবিধান কোনো সরকারের দলিল নয়, এটি জনগণের সার্বভৌম সম্মতির দলিল, আর সেই ম্যান্ডেট উপেক্ষা করা জনগণের সিদ্ধান্ত অস্বীকারের শামিল।
জেএসডি অবিলম্বে গণভোটে অনুমোদিত ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিধিত্বশীল সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানায় এবং সতর্ক করে যে, জনগণের রায় উপেক্ষা করলে ভবিষ্যতের রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দায়ভার সরকারকেই নিতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।