বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অতীতের মতো অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থ অপচয় করা যাবে না। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। অননুমোদিত প্রতিটি প্রকল্পের যৌক্তিকতা প্রমাণ এবং জনগণের প্রয়োজন পূরণে তার ভূমিকা বিবেচনা করে অগ্রাধিকার নির্ধারণে তিনি জোর দেন।
প্রতিমন্ত্রী জ্বালানি খাতের একটি সুস্পষ্ট, ভৌগোলিক ও তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ মানচিত্র তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। বিভিন্ন সংস্থার কাছে ছড়িয়ে থাকা ব্লক ম্যাপ ও ভূতাত্ত্বিক জরিপসহ তথ্য একত্র করে আধুনিক ও সমন্বিত রূপরেখা গড়ার নির্দেশ দেন তিনি। এতে ভূগর্ভস্থ সম্পদের অবস্থান ও সম্ভাবনা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে এবং সরকারি বিভাগগুলোর মধ্যে সমন্বয় সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।
দুটি পৃথক সভায় জ্বালানি ও বিদ্যুতের চাহিদা, উৎপাদন এবং বিতরণব্যবস্থা দক্ষ ও সাশ্রয়ী করার সুপারিশ নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জোনভিত্তিক চাহিদা ও সরবরাহের প্রকৃত চিত্র তৈরি, প্রতিবন্ধকতা চিহ্নিত এবং দ্রুত করণীয় নির্ধারণের নির্দেশ দেন। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।