চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী নতুনপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৪ বছর বয়সী ইমন আহম্মেদকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে চালানো এ অভিযানে তাঁর কাছ থেকে ৬৫২ বোতল ভারতীয় সিরাপ, ১৬ লাখ ৭৫ হাজার টাকা নগদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১২ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, সীমান্তবর্তী নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়। তিনি নতুনপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। উদ্ধার করা সিরাপের মধ্যে ৫৪২ বোতল স্ক্যাফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপ রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, সিরাপগুলো অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে এনে মাদক হিসেবে সরবরাহ বা বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। উদ্ধার হওয়া বিপুল নগদ টাকার উৎসও তদন্ত করছে কর্তৃপক্ষ। জব্দ মালামালসহ ইমন আহম্মেদকে আইনগত প্রক্রিয়ার জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।