Web Analytics

তৈরি পোশাকের বাইরে রপ্তানি বহুমুখীকরণ, ব্যবসা পরিচালনার জটিলতা কমানো এবং সরকারি সেবা অনলাইনে নিতে বিশ্বব্যাংকের কাছে নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পরিকল্পনাগুলো তুলে ধরেন। ডিজিটাল ব্যবস্থায় ব্যবসায়িক অনুমোদনের প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এলডিসি উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে বলে জানান মন্ত্রী। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদসহ সেবা ইনভেস্ট বাংলাদেশের ওয়ান-স্টপ সার্ভিস বা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিংকে অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করা হয়।

বিশ্বব্যাংক বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দিয়েছে। বাংলাদেশি কর্মকর্তাদের বাণিজ্য চুক্তি আলোচনার সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতেও সংস্থাটি প্রস্তুত বলে জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।