ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি একাডেমিক ভবনে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কলা, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৩ জন শিক্ষার্থীর আসন নির্ধারণ করা হয়েছে। অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে উপস্থিত হন।
পরীক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিভিন্ন ছাত্র সংগঠন হেল্প ডেস্ক স্থাপন করেছে, যেখানে কলম, পানি, চকলেট, স্যালাইন ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আনসার, র্যাব ও পুলিশের পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবে কেন্দ্রে প্রবেশ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।