জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ের একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় জোট আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে।
আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায় অস্বীকার করছে এবং গণভোটের শপথ না নিয়ে সেই রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি দাবি করেন, তার পক্ষ থেকে বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলা হলেও বিএনপি নানা অজুহাতে তা এড়িয়ে যাচ্ছে।
তিনি বলেন, এ দাবিতে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন এবং বারবার প্রতিবাদ করলেও সরকার কর্ণপাত করেনি। এ কারণেই তারা রাস্তায় নেমে ঢাকা-রংপুর লংমার্চের ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সরকার দ্রুত তা বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।