ক্যাথলিক পরিবারে ডেট্রয়েট, মিশিগানে জন্ম নেওয়া কিথ এলিসন ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময় ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ২০০৬ সালের নভেম্বরে মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল জেলা থেকে নির্বাচিত হয়ে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম মুসলিম সদস্য হন। ২০০৭ সালের ৪ জানুয়ারি তাঁর ব্যক্তিগত শপথ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা একটি কোরআন ব্যবহৃত হয়।
এলিসন বলেছিলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন মুসলিমের সঙ্গে ধর্ম, বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে আলোচনার পর তিনি জুমার নামাজে অংশ নেন। ইসলামের সামাজিক ন্যায়বিচার ও সাম্যের বার্তা তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। আইন পড়ার পর তিনি নাগরিক অধিকার, কর্মসংস্থান ও ফৌজদারি আইন নিয়ে কাজ করেন এবং মিনেসোটা আইনসভায়ও দায়িত্ব পালন করেন।
ব্যবহৃত দুই খণ্ডের ইংরেজি অনূদিত কোরআনটি জর্জ সেল অনুবাদ করেন এবং ১৭৬৪ সালে লন্ডনে প্রকাশিত হয়। জেফারসন ১৮১৫ সালে কংগ্রেসের কাছে বিক্রি করা ৬ হাজার ৪৮৭টি বইয়ের সঙ্গে এটি দেন। এলিসন প্রথমে প্রতিনিধি পরিষদের সম্মিলিত শপথ নেন কোরআন ছাড়া, পরে ন্যান্সি পেলোসির উপস্থিতিতে পৃথক অনুষ্ঠানে কোরআনের ওপর হাত রেখে শপথ নেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।