Web Analytics

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার ময়মনসিংহ নগরীতে র‍্যালি ও মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। অধিকার ময়মনসিংহের সমন্বয়কারী এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন এনসিপির ময়মনসিংহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট এ টি এম মাহবুবুল আলম, গুমের শিকার গোলাম মোস্তফা, সাংবাদিক আব্দুল আউয়াল এবং মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল বারী।

গোলাম মোস্তফা বলেন, সাধারণ কারখানা শ্রমিক হওয়া সত্ত্বেও সাদা পোশাকধারীরা তাঁকে তুলে নিয়ে যায়। তাঁর অভিযোগ, জঙ্গি হিসেবে স্বীকারোক্তি আদায়ের জন্য র‍্যাব তাঁকে ৯৬ দিন গুম রেখে অমানুষিক নির্যাতন চালায়। তিনি গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, তাঁদের পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে গুম ব্যবহার করা হয়েছে। তাঁদের ভাষ্য, সরকার পতনের পর বিচার ও প্রতিকারের প্রত্যাশা থাকলেও বিএনপি সরকারের সময় তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তাঁরা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ সংসদে পাস না হওয়ায় সমালোচনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন গুমের অভিযোগে উদ্বেগ জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।