বাংলাদেশের নিরীক্ষা ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থায় দুটি নতুন আন্তর্জাতিক মান গ্রহণের অনুমোদন দিয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা এফআরসি। ছোট ও কম জটিল প্রতিষ্ঠানের নিরীক্ষার জন্য আইএসএ ফর লেস কমপ্লেক্স এনটিটি এবং পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতাসংক্রান্ত প্রতিবেদন যাচাইয়ের জন্য আইএসএসএ ৫০০০ গ্রহণ করা হয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পর শুরু হওয়া হিসাব বছর থেকে বাংলাদেশে মান দুটি প্রয়োগ করা যাবে। গত ১৫ অক্টোবর এফআরসি কাউন্সিলের সভায় অনুমোদন দেওয়া হয়।
এফআরসির নির্বাহী পরিচালক তারেক কামাল বলেন, টেকসই উন্নয়ন প্রতিবেদন তৈরি এখনো বাধ্যতামূলক নয়, তবে ব্যাংক, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের কিছু কোম্পানি এ ধরনের প্রতিবেদন করছে। আন্তর্জাতিক মানদণ্ড এস-১ ও এস-২ অনুসরণ করে তৈরি এসব প্রতিবেদন নিরীক্ষা করা হলে আইএসএসএ ৫০০০ মানা বাধ্যতামূলক হবে। নির্ধারিত যোগ্যতাসম্পন্ন ছোট প্রতিষ্ঠানের আর্থিক নিরীক্ষায় আইএসএ ফর এলসিই অনুসরণ করতে হবে।
নতুন মানে কার্বন নিঃসরণ, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার, পানি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং শ্রমিক নিরাপত্তাসংক্রান্ত দাবির পক্ষে প্রমাণ যাচাই করা হবে। এতে অতিরঞ্জিত বা ভিত্তিহীন পরিবেশবান্ধব দাবির সুযোগ কমতে পারে এবং বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে তথ্যের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। ছোট প্রতিষ্ঠানের জন্য সহজ কাঠামো নিরীক্ষার সময় ও ব্যয় কমালেও গুণগত মান ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার লক্ষ্য রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।