সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতসহ দীর্ঘদিনের তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষক নেতারা। রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মাহবুবর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। নেতারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয় গুরুত্ব পাবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
তিন দফা দাবির অন্য দুটি হলো চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। নেতারা বলেন, ২০২৫ সালের ১০ নভেম্বর মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর প্রতিশ্রুতির কথা জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।