Web Analytics

মরক্কো থেকে অভিবাসনপ্রত্যাশীদের আগমন ঘিরে উত্তেজনার মধ্যে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতার মুসলিম বাসিন্দারা বর্ণবাদ ও বিদ্বেষের শিকার হওয়ার অভিযোগ করেছেন। তাঁদের অনেকেই জন্মসূত্রে স্পেনের নাগরিক এবং পরিবারগুলো কয়েক প্রজন্ম ধরে সেখানে বাস করছে। তবু নতুন আসা অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে তাদের গুলিয়ে ফেলা হচ্ছে এবং নিজেদের স্প্যানিশ পরিচয়ের প্রমাণ দিতে হচ্ছে বলে অভিযোগ। কমিউনিটি নেতা আবদেল্লাহ মুস্তাফা জানান, জুলাইয়ে বিপুলসংখ্যক মানুষের সীমান্ত পেরিয়ে আসার পর বৈষম্যের অভিযোগ বেড়েছে।

বাসস্টপে ছয় বছর বয়সী মেয়েকে নিয়ে অপেক্ষারত এক মুসলিম নারীকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি বিক্ষোভে ১৩ বছর বয়সী কিশোরীসহ দুই মুসলিম বাসিন্দার ওপর হামলার অভিযোগে কিশোরীর মা জাতীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন। স্পেনের বর্ণবাদ ও বিদেশিবিদ্বেষ পর্যবেক্ষণকারী সংস্থার হিসাবে, ব্যাপক আগমনের পর ৪৮ ঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৯ হাজার ৬০০ বিদ্বেষমূলক বার্তা ছড়ায়।

সিউতার জনসংখ্যা ৮৩ হাজার ৬৬৪; এর প্রায় ৪৩ শতাংশ মুসলিম। মুস্তাফা অভিযোগ করেন, শহরপ্রধান হুয়ান হেসুস ভিভাস মুসলিমদের উদ্বেগ মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেননি। ভিভাস জুলাইয়ের আগমনকে ‘আগ্রাসন’ বলেছিলেন। স্থানীয় বিক্ষোভকারীরা নিরাপত্তা, মানবিক সহায়তা এবং সম্প্রদায়গুলোর সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।