ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বক্তব্যটিকে চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দেন। সাদিক কায়েম ফজলুর রহমানকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
বিবৃতিতে সাদিক কায়েম বলেন, দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘অমানুষদের জায়গা’ বলা চরম দায়িত্বজ্ঞানহীন, বিদ্বেষপূর্ণ ও নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, বাহ্যিকভাবে বাকশাল ত্যাগ করলেও ফজলুর রহমান বাকশালি ফ্যাসিবাদী আদর্শ ও ঘৃণার চর্চা থেকে বের হতে পারেননি।
সাদিক কায়েমের ভাষ্য, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীদের সামগ্রিকভাবে হেয় করা গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তিনি বলেন, এ ধরনের উগ্র ও জঙ্গিবাদী মানসিকতার দায় সংসদ সদস্য পদে ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়া দল হিসেবে বিএনপিও এড়াতে পারে না। বিবৃতির শেষাংশে তিনি পুনরায় অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।