দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরোনো ঠিকাদারি সিন্ডিকেট অপসারণ এবং বিগত সরকারের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে দুই ঠিকাদারকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
হাসপাতালের দুই নম্বর ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি হাসপাতালের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনাজপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ এতে অংশ নেন।
সমাবেশের প্রধান বক্তা দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুল অভিযোগ করেন, বিগত সরকারের আমলে অনৈতিক সুবিধা নেওয়া ব্যক্তিরা এখনো হাসপাতালের ঠিকাদারি ব্যবসায় সক্রিয়। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একই গোষ্ঠী এ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। সমাবেশে যুবদল নেতা নুর আলম হক খোকন ও মাসুদ রানাসহ অন্যরাও বক্তব্য দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।