কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি নিজে দৌলতপুর থানায় উপস্থিত হয়ে মামলাটি করেন। ঘটনার সময় সংসদ অধিবেশনের কারণে তিনি ঢাকায় ছিলেন এবং বাগোয়ান গ্রামে বাড়িতে ছিলেন তাঁর বাবা, মা ও অন্য স্বজনেরা।
মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের আট নেতাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যদের এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে, তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের পরিচয় প্রকাশ করেননি।
এজাহার অনুযায়ী, বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে স্বজনদের ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে তারা বাড়ি, উঠান ও আশপাশে আগুন দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা হয়; পরে ভেড়ামারা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি, বাড়ির মালামাল ও তিনটি ছাগল পুড়ে যাওয়ার কথা বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।