Web Analytics

মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পাংকোর দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। দেশটির সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোরে স্থানীয় এক জেলে সাগরে ভাসমান কয়েকজনকে দেখে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানিয়েছে।

পেরাক এমএমইএর পরিচালক মোহামাদ শুকরি খোতব জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে নৌকাটিতে মোট ৩৭ জন অনিবন্ধিত অভিবাসী ছিলেন। তারা ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান এলাকা থেকে রওনা হয়ে মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর ও কুয়ালালামপুরসহ বিভিন্ন অঞ্চলে যাওয়ার চেষ্টা করছিলেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী নৌযান, হেলিকপ্টার ও নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অর্থনৈতিকভাবে উন্নত মালয়েশিয়ায় প্রতিবেশী দরিদ্র দেশগুলো থেকে বহু অভিবাসী কাজের সন্ধানে আসেন। মানবপাচার চক্রের মাধ্যমে পরিচালিত এসব সমুদ্রযাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে। ২০২৫ সালের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলে অনুরূপ এক দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।