তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ ২০টির বেশি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকারের দাবি পুনর্ব্যক্ত করেছে। সর্বশেষ খসড়া চুক্তিতে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো বা জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার বিষয়টি না থাকায় বিতর্ক তৈরি হয়েছে। দেশগুলো বলেছে, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমানোর কার্যকর ও স্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে। সম্মেলনটি শনিবার শেষ হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত খসড়া থেকে দ্রুত জীবাশ্ম জ্বালানি উত্তরণের আহ্বান এবং এ বিষয়ে রোডম্যাপ তৈরির প্রস্তাব বাদ দেওয়া হয়। এতে ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ক্ষোভ জানায়; পরিবেশবাদী সংগঠন ও জলবায়ু অধিকারকর্মীরাও সমালোচনা করেন। পানামার পরিবেশমন্ত্রী জুয়ান কার্লোস নাভারো বলেন, উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার ছাড়া তাঁর দেশ চূড়ান্ত চুক্তি মানবে না। আফ্রিকান গ্রুপ অব নেগোসিয়েটরস ও ফ্রান্সসহ কয়েকটি দেশ খসড়াটিকে দুর্বল বলে প্রত্যাখ্যান করেছে।
জলবায়ু অর্থায়ন নিয়েও অচলাবস্থা দেখা দিয়েছে। উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়াতে আলোচিত ১২০ বিলিয়ন ডলারের তহবিল লক্ষ্যও সর্বশেষ খসড়া থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। আয়োজক তুরস্ক ও সহসভাপতি অস্ট্রেলিয়া নতুন প্রতিশ্রুতির বদলে আগের অঙ্গীকার বাস্তবায়নে জোর দিয়েছে। কপ৩১ সভাপতি মুরাত কুরুম বলেন, খসড়াটি চূড়ান্ত নয় এবং প্রায় ২০০ দেশের ঐকমত্যের জন্য আলোচনা শনিবার পর্যন্ত গড়াতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।