পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মালিকপক্ষ আগামী ২৩ নভেম্বরের সভায় প্রস্তাব দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। শনিবার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, কোনো পক্ষ প্রস্তাব না দিলে বোর্ড আইন, প্রক্রিয়া, সূচক ও নির্দেশক মেনে কাজ করবে।
চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে শ্রমিকদের সমস্যা, দাবি, বেতন ও কর্মপরিবেশ সম্পর্কে কথা বলে। সুবহানী জানান, শ্রমিকদের প্রত্যাশা, বর্তমান বেতন এবং তাদের আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে মালিকপক্ষের সমস্যা ও সুবিধাও বোঝার চেষ্টা চলছে।
গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন হয় এবং ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী কাজ শেষ করার সময় ৩০ এপ্রিল পর্যন্ত থাকলেও শ্রমিক ও মালিক উভয় পক্ষ দ্রুত মজুরি নির্ধারণে একমত; তাদের প্রত্যাশা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। তিনি বলেন, সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও বোর্ডের ওপর কোনো পক্ষের চাপ নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।