চট্টগ্রাম নগরের হালিশহর টোল রোড এলাকায় সাত বছরের শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার মামলায় মো. আল আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এই রায় দেন। দীর্ঘ নয় বছর বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দণ্ডবিধির ৩০২ ধারায় আল আমিনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জের নিকলী থানার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে। নিহত মাহফুজ হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তদন্তে পুলিশ জানতে পারে, আল আমিন তার স্ত্রীকে নিয়ে মাহাবুবের প্রতি সন্দেহ করতেন এবং পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে একবার মারামারিও হয়েছিল। ওই বিরোধের প্রতিশোধ হিসেবে মাহাবুবের ছেলে মাহফুজকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে। হত্যার আলামত গোপন ও লাশ সরানোর অপরাধে আল আমিনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।