চলমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে তিনি এই তিন বিভাগের তিন জেলায় সফর করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
আতিকুর রহমান রুমন বলেন, বাংলাদেশের কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়ার ঘটনা এটিই প্রথম। প্রধানমন্ত্রী মণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। এর আগে রোববার রাতে তিনি ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
সৈয়দপুর বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রী রংপুরের ধর্মসভা বা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। রাজশাহীতে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন এবং বিকেল ৩টায় মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেওয়ার সূচি রয়েছে। চট্টগ্রামে রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনের পর তিনি রাতেই ঢাকায় ফিরবেন। মঙ্গলবার মহানবমী পালিত হবে; বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।