খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম, আর্থিক শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘসূত্রতার অভিযোগে ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কেডিএকে আইনানুগ ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে জানাতে বলেছে। একই সঙ্গে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান অ্যান্ড মাহাবুব ব্রাদার্সকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্পটি ২০১৩ সালের ৭ মে একনেকে অনুমোদিত হলেও ১৩ বছরেও শেষ হয়নি। শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৯৮ কোটি টাকা, যা কয়েক দফা সংশোধনের পর প্রায় ২৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের তদন্তে সমীক্ষা ছাড়াই ডিপিপি প্রণয়ন এবং জিওবি বরাদ্দের ১৩ কোটি ৫১ লাখ টাকা দুই বছর কেডিএর নিজস্ব তহবিলে স্থানান্তরের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।
তদন্ত কমিটি প্রকল্পের নথি, আর্থিক লেনদেন ও বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনা করে ৪০৪ পৃষ্ঠার প্রতিবেদন ৩১ আগস্ট গৃহায়ন সচিবের কাছে জমা দেয়। কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা বলেন, মন্ত্রণালয়ের চিঠি পাওয়া গেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, শিগগিরই সড়কের কাজ শুরু করে দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।