দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নামে পুলিশ পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতির বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।
রাব্বানী বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে সত্য প্রকাশ এবং দেশ ও ইসলামের পক্ষে আপসহীন অবস্থান নেওয়ার কারণে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক হয়রানিমূলক হাজার হাজার মামলা প্রত্যাহার হলেও উচ্চ আদালত কর্তৃক স্থগিত একটি পুরোনো মানহানি মামলার ওয়ারেন্ট তামিলে পুলিশ পাঠানো বিস্ময়কর ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানান। রাব্বানীর বক্তব্য অনুযায়ী, বুধবার সকালে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনের একটি রাষ্ট্রীয় মতবিনিময় সভায় যাওয়ার আগে এ ঘটনা ঘটে। তিনি মাহমুদুর রহমানসহ আলেম-ওলামা, সাংবাদিক ও দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে বিগত শাসনামলে করা কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিঃশর্ত প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।