হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চলতি অক্টোবরে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এ মাসে এখন পর্যন্ত অন্তত ২৮টি হামলা নিশ্চিত করা হয়েছে। রয়টার্স ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর হামলার সংখ্যা বেড়ে ১১৩টিতে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমওর নথির সঙ্গে প্রতিষ্ঠানটির হিসাব মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। আইএমও যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ১২০টি হামলা ও সংশ্লিষ্ট ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও আরও বেশি ঘটনার তথ্য পেয়েছে; ১৬ অক্টোবর পর্যন্ত তাদের কাছে ১৩৫টি ঘটনার তথ্য ছিল।
ইউকেএমটিও সতর্ক করেছে যে প্রকাশিত তথ্যের হিসাবে সব হামলার ঘটনা নাও উঠে আসতে পারে। আইএমওর তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব বলছে, চলমান সংঘাতে বিশ্বের সুপারট্যাংকার বহরের ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। বিশ্বে এ ধরনের জাহাজ ৯০০টির বেশি। গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজে হামলা বাড়ায় বাণিজ্যিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।