পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করছেন। সোমবার রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা এবং বাহিনীগুলোর সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে।
আইজিপি বলেন, কেউ কেউ দুর্গাপূজাকে ঘিরে অপপ্রচার চালানোর চেষ্টা করছে এবং এ বিষয়ে পুলিশ সজাগ ও সতর্ক রয়েছে। এসব অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি জনগণকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার পাশাপাশি নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি। পরে আইজিপি আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভাগীয়, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।