কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নারায়ণগঞ্জের ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটনের কথা জানিয়েছে। বুধবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৮ অক্টোবর রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজারে একযোগে অভিযান চালানো হয়, যাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সহায়তা নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্ত আমদানি করা সুতা, কাঁচামাল ও কেমিক্যাল উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি বা সরবরাহ করেছে। অভিযানে গুদামে থাকা সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণের সঙ্গে স্টক রেজিস্টারের ব্যাপক অসংগতি পাওয়া যায়। ছয় প্রতিষ্ঠানের মধ্যে সিম ফেব্রিক্স লিমিটেডে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলসে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকার ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
অভিযানকালে আমদানি, উৎপাদন, মজুত ও ব্যবহারসংক্রান্ত প্রয়োজনীয় দলিল জব্দ করা হয়েছে এবং সেগুলোর যাচাই-বাছাই চলছে। চূড়ান্ত তদন্তে ফাঁকির পরিমাণ আরও বাড়তে পারে বলে অধিদপ্তর জানিয়েছে। প্রকৃত ফাঁকির পরিমাণ নির্ধারণের পর প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ পণ্য সরবরাহ ঠেকাতে নজরদারি এবং অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংস্থাটি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।