বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা-থেকে-ব্যবসা টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। রোববার ঢাকার গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
তুলশিদাস বাধে দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী করা এবং শুল্ক ও অশুল্ক বাধা দূর করার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া গতিশীল করতে তাঁর দপ্তর দুই দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতাও চান তিনি।
ভারতের ডেপুটি হাইকমিশনার বলেন, ভারত ভ্রমণে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রচুরসংখ্যক ভিসা দিচ্ছে। ফজলুল হক বলেন, যৌথ টাস্কফোর্স দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। তিনি উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও বাণিজ্য এগিয়ে নিতে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।