কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। তিনটি ইউনিটের পরীক্ষা ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২০২৬ সালের ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় হবে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় নেওয়া হবে।
কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহী শহরেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ভর্তি পরীক্ষার ফি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মাধ্যমে জানানো হবে। বিস্তারিত তথ্য গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে ভেরিফায়েড বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। পরবর্তী নির্দেশনার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল মাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।