আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের দোরগোড়ায় আইনি অধিকার ও সেবা পৌঁছে দিয়ে ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে প্যারালিগ্যালদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা ঢাকায় বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে প্রণীত ‘ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আইনজীবী হওয়ার আগে তিনি নিজেও প্যারালিগ্যাল হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আইনগত সচেতনতা তৈরিতে কাজ করেছেন। মানুষের অধিকার বিষয়ে সচেতনতা এবং প্রয়োজনীয় আইনগত তথ্য ও সেবা পৌঁছে দিতে প্যারালিগ্যালদের ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ফ্রেন্ডশিপের অধিকারবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমকে তিনি দেশের অন্যতম সেরা উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।
তিনি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কর্মসূচিতে প্রশাসনিক ও আনুষ্ঠানিক ব্যয় কমিয়ে উপকারভোগীদের বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান। ম্যানুয়ালটি সহজ, সংক্ষিপ্ত ও ব্যবহারবান্ধব করতে সহজ ভাষা, চিত্র ও সারসংক্ষেপ যুক্ত করার পরামর্শ দেন তিনি। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ম্যানুয়ালটি তৃণমূলের প্যারালিগ্যালদের দক্ষতা বৃদ্ধি, আইনগত সচেতনতা সম্প্রসারণ এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতের ব্যবহারিক প্রশিক্ষণ সহায়িকা হিসেবে ব্যবহৃত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।