তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চতুর্থ সভার বিরতিতে তিনি বলেন, ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণের গুঞ্জন থাকলেও তা চূড়ান্ত নয়। সর্বশেষ তৃতীয় প্রস্তাবে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা প্রস্তাব করেছে।
অন্যান্য গ্রেডেও দুই পক্ষের প্রস্তাবে বড় ব্যবধান রয়েছে। প্রথম গ্রেডে শ্রমিকপক্ষ ৩৫ হাজার ও মালিকপক্ষ ১৮ হাজার ৮২৮ টাকা, দ্বিতীয় গ্রেডে যথাক্রমে ৩০ হাজার ও ১৭ হাজার ৮৮৭ টাকা এবং তৃতীয় গ্রেডে ২৭ হাজার ও ১৬ হাজার ৯৯৬ টাকা প্রস্তাব করেছে। চেয়ারম্যান বলেন, উভয় পক্ষই বর্তমান প্রস্তাবে অসন্তুষ্ট; শ্রমিকপক্ষের আপত্তি রয়েছে এবং মালিকপক্ষ নানা সমস্যার কথা বলে মজুরি আরও বাড়াতে চাইছে না।
সৈয়দ আজাদ সুবহানী জানান, সোমবারের বৈঠক রাত সোয়া ৯টা পর্যন্ত চলেছিল এবং মঙ্গলবারও রাত ৯টা পর্যন্ত আলোচনা গড়াতে পারে। তবে আজকের মধ্যেই আলোচনা শেষ করে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করার সর্বাত্মক চেষ্টা চলছে। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।