মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ড্রোন হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুক্রবারও কার্যক্রম বন্ধ ছিল। মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল তাদের ফেসবুক পেজে হামলার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির ব্যাংকক দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিমানবন্দর বন্ধ থাকায় ১১ ও ১২ ডিসেম্বরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, গণতন্ত্রপন্থি সশস্ত্র রাজনৈতিক দল পিপলস ডিফেন্স ফোর্স বৃহস্পতিবার তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছয়টি ফার্স্ট-পারসন-ভিউ সুইসাইড ড্রোন নিক্ষেপ করে। হামলার কারণে কিছু অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় কোনো যানবাহন বা বিমানবন্দরের রানওয়ের ক্ষতি হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বিমানবন্দরে সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান থাকার কথা বলা হয়েছে এবং সেটিকেই লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। ২০২১ সালের সামরিক ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।