রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। সাক্ষাতে রাষ্ট্রপতি উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি মাদক, চোরাচালান ও মানবপাচার রোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং পানি দূষণ প্রতিরোধেও বাহিনীটির সক্রিয় ভূমিকা চান। তিনি বলেন, দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমা সুরক্ষায় কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য বাহিনীর আধুনিকায়ন ও সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
মহাপরিচালক কোস্টগার্ডের সামগ্রিক কার্যক্রম এবং সক্ষমতা বৃদ্ধিতে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ, পাশাপাশি এভিয়েশন উইং স্থাপনের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।