দেশের চামড়াশিল্পের সংকট নিরসন ও ভবিষ্যৎ সম্ভাবনা কাজে লাগাতে ১৩ দফা প্রস্তাব দিয়েছে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)। ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দ এবং খাতটির জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা এসব দাবি তোলেন।
এলএফবি সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার গুরুত্বপূর্ণ হলেও এটি সব সমস্যার একমাত্র সমাধান নয়। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় কেমিক্যাল সরবরাহ, আমদানি-রপ্তানি এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তার আহ্বান জানান তিনি। সংগঠনের নেতারা দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং এলডব্লিউজি সনদ অর্জনের জটিলতাকে বিশ্ববাজারে কাঙ্ক্ষিত হিস্যা না পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন।
প্রথম বছরে এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০টি কারখানাকে মডেল গ্রিন ফ্যাক্টরি করা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর পরিকল্পনা করেছে এলএফবি। প্রস্তাবগুলোর মধ্যে সাভারের সিইটিপি আধুনিকায়ন, দুটি নতুন সিইটিপি, শিল্পপার্ক, নতুন শিল্পাঞ্চল, লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় এবং কাঁচা চামড়া সংরক্ষণ হাব নির্মাণও রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।