জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে সাউন্ড সিস্টেম স্থাপন, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে শত কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুদক জানিয়েছে, কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ অনুসন্ধান চলমান। বৃহস্পতিবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্যটি জানান মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।
নাজমুল হাসান বলেন, জাহিদুর রহিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য খাতে মেডিকেল ইকুইপমেন্ট কেনার মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং ওভার-ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে। সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে অনিয়ম ও তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুদক গত ৯ এপ্রিল অনুসন্ধান শুরু করে।
প্লেনারি হলের সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ শুরু হয় ২০১৮ সালে এবং সংসদ অধিবেশনের সময় এতে একাধিকবার বিভ্রাট দেখা দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশ করলে সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হয়; পরে একই ঠিকাদারের মাধ্যমে মেরামত করা হয়। সংস্কার ও মেরামতে ৯ কোটি টাকা বরাদ্দের মধ্যে ৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।