যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আধা সামরিক বাসিজ বাহিনীর সদস্যদের ডিজিটাল মাধ্যমে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি তেহরানে আইআরজিসি কমান্ডার ও বাসিজ সদস্যদের উদ্দেশে বক্তব্যে এ নির্দেশ দেন।
ইজাদি অনলাইন জগতে আরও সতর্ক থাকার এবং সেখানে বাহিনীর উপস্থিতি জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, বাস্তবতাকে বিকৃত করা এবং বিভিন্ন বয়ানকে নিজেদের মতো করে প্রভাবিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করা এখন গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। আইআরজিসি অভিযোগ করেছে, ইরানের শত্রুরা জনমত প্রভাবিত ও দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
ইজাদির দাবি, বিভিন্ন উপায়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতিপক্ষরা অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং জনগণের আস্থা দুর্বল করার কৌশল নিয়েছে। তেহরান অব্যাহত অর্থনৈতিক চাপের পাশাপাশি ওয়াশিংটন ও ইসরাইলের সঙ্গে বাড়তি উত্তেজনার মুখে রয়েছে। সংঘাত শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।