প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমাজকল্যাণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা হলেন বুয়েট থেকে প্রকৌশল পড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং প্রায় তিন দশক ধরে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল। প্রধানমন্ত্রী তাঁদের জীবনসংগ্রাম ও জনকল্যাণমূলক কাজের কথা শোনেন, প্রশংসা করেন এবং প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নায়লা শারাফ এলজিইডিতে সহকারী প্রকৌশলী এবং পরে জনতা ব্যাংকে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও তিনি সরকারি চাকরিতে যোগ না দিয়ে সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াচ্ছেন। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠ সহজ করতে তিনি নিজ উদ্যোগে আকর্ষণীয় শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট তৈরি করছেন।
জন্ম থেকেই দুই হাতহীন আলতাফ হোসেন পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে ১৪৫ শিক্ষার্থী ও ১০ শিক্ষক রয়েছেন; প্রধানমন্ত্রী নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন। ভোলার চরফ্যাশনের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল নিজের অর্থ ও শ্রমে রাস্তার পাশে গাছ লাগিয়েছেন এবং নার্সারি থেকে চারা রোপণ করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।