নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় বৃহস্পতিবার সকালে গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত আটজন আহত হন, যার মধ্যে দুইজন গুলিবিদ্ধ। গুলিবিদ্ধ মাদ্রাসা শিক্ষার্থী ইমরান (১১) ও রাকিব (২৫) কে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইমরানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেস্ট স্টাইল (প্রা.) লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ডসল্যান্ড গার্মেন্টের ঝুট নামানোকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। সংঘর্ষের সময় অভি গ্রুপের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে, ফলে দোকানপাট বন্ধ হয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি এম এ মান্নান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।