নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ইসরাইলের প্রেসিডেন্ট হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে। বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে নেওয়া এ সিদ্ধান্তের কথা শনিবার সন্ধ্যায় আইজেনকটকে জানানো হয়। রোববার আনুষ্ঠানিকভাবে তার হাতে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। ২৭ অক্টোবরের নেসেট নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
নতুন সরকার গঠনের পথ নির্ধারণে প্রেসিডেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। একই সময়ে জোট গঠনের চেষ্টা চালান নেতানিয়াহু। ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনে অন্তত ৬১ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮ আসন, আর নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩ আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯ আসন।
আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পেলে আইজেনকট ৬৭ আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করতে পারেন। সরকার গঠনে তিনি ২৮ দিন সময় পাবেন এবং প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন। তিনি ব্যর্থ হলে অন্য সদস্যকে দায়িত্ব দেওয়া হতে পারে। সব প্রচেষ্টা ব্যর্থ হলে নেসেট ভেঙে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে; তত দিন নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।