জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) তাদের একমাত্র ছাত্র হলের নাম পরিবর্তনের জন্য গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সঙ্গে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোট অনুষ্ঠিত হবে এবং রাতেই ফলাফল ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর হলটির নামকরণ করা হয়েছিল সাবেক সংসদ সদস্য মির্জা আজমের নামে। ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীরা ফ্যাসিস্টদের নামে থাকা এই হলের নাম পরিবর্তনের দাবি জানায়। নতুন নাম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ দেখা দেয়—কেউ চান হলটির নাম ‘বিজয় ’২৪’ রাখা হোক, আবার কেউ চান জামালপুরের পুণ্যভূমিতে শায়িত হযরত শাহ্জামাল (র.)-এর নামে নামকরণ করা হোক।
হল প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী জানান, বুধবার ভোট পরিচালনা কমিটি ও ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং সর্বাধিক ভোটপ্রাপ্ত নাম প্রশাসনিকভাবে গৃহীত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।