নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্সে বন্দি রাখার কার্যক্রম ২০৩২ সালের শেষ নাগাদ বন্ধের পরিকল্পনা প্রকাশ করেছেন। শুক্রবার ঘোষিত এই পরিকল্পনা অনুযায়ী, সেখানে থাকা সব বন্দিকে ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স ও ম্যানহাটনে নির্মিত ছোট ও আধুনিক কারাগারে স্থানান্তর করা হবে। মামদানি প্রশাসন এটিকে রাইকার্স বন্ধে শহরের প্রথম পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা বলেছে।
পরিকল্পনায় বিচার-পূর্ব আটক কমানো, মামলার জট দূর করা, কারা বিভাগ আধুনিকায়ন এবং পুনর্বাসন সম্প্রসারণের কথা রয়েছে। আগামী অর্থবছরে মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তির চিকিৎসা, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, কারামুক্তদের পুনর্বাসন এবং অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের স্বজনদের সহায়তায় ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। ২০২৩ সাল থেকে বন্ধ থাকা অনলাইনে জামিনের অর্থ পরিশোধের ব্যবস্থাও ২০২৭ সালে পুনরায় চালুর কথা বলা হয়েছে।
নতুন সময়সীমা কার্যকর করতে সিটি কাউন্সিলকে ২০১৯ সালের আইন সংশোধন করতে হবে, কারণ ওই আইনে ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে কারাগার বন্ধের লক্ষ্য ছিল। ব্রুকলিনের কারাগার ২০২৯ সালে, ব্রঙ্কস ও কুইন্সের কারাগার ২০৩১ সালে এবং ম্যানহাটনের কারাগার ২০৩২ সালে চালুর লক্ষ্য রয়েছে। চার কারাগারে প্রায় ৪ হাজার ৫০০ শয্যা থাকবে; তাই বন্দির সংখ্যা ২০৩২ সালের শেষে ৪ হাজার ১০০ বা তার নিচে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।