ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হবে। কেন্দ্রীয় সরকারে পরিবর্তনের জন্য দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বানও জানান তিনি। শনিবার কেরালার কোচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিজেপির ‘জন্তর মন্তর অ্যাট কোচি’ কর্মসূচিতে দীপকে বলেন, নির্বাচনের মাধ্যমেই কেবল সরকার পরিবর্তন সম্ভব এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তার অভিযোগ, নির্বাচনের ফল প্রভাবিত করতে এসআইআর প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, কেন্দ্রীয় সরকার মানুষের খাদ্যাভ্যাস, বিয়ে, ভালোবাসা ও ভোটাধিকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
দিল্লির জন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশের অভিযোগে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের সঙ্গে নিজের গ্রেপ্তারের প্রসঙ্গও তোলেন দীপকে। তিনি বলেন, গ্রেপ্তার হলেও তেরঙ্গা পতাকা বহন অব্যাহত রাখবেন। রাজেন্দ্র ময়দানের সমাবেশে বিভিন্ন বয়সি মানুষ, যুব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।