প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শনিবার সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি ফ্যামেলি কার্ড ও কৃষক কার্ডসহ নানা উন্নয়ন উদ্যোগের কথা উল্লেখ করে এসব সাফল্য তৃণমূলে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।
বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতির তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্ব দেন। সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সংবাদ সংগ্রহ ও প্রকাশের জন্য প্রয়োজনীয় তথ্য সহজে পেতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তারা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।