আওয়ামী লীগ শাসনামলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জিয়াউল আহসানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো এবং তদন্ত প্রতিবেদন জমার জন্য দুই মাস সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে। প্রসিকিউশনের পক্ষে শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল জিয়াউল আহসানকে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিল। ২০২৫ সালের ৩ জুন সালাহউদ্দিন আহমদ নিজের গুমের অভিযোগে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ করেন। অন্য অভিযুক্তদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দুই সাবেক আইজিপি, সাবেক ডিএমপি কমিশনার এবং সাবেক সিটিটিসি প্রধান রয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।