ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নির্বিঘ্ন করতে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১২ মার্চ অধিবেশন শুরু হওয়ার আগে ১১ মার্চ রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদ অধিবেশন চলাকালে নির্দিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই এলাকায় কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা ক্ষতিকারক ও দূষণীয় পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ময়মনসিংহ রোড, বাংলামোটর, পান্থপথ, মিরপুর রোড, রোকেয়া সরণি, ইন্দিরা রোডসহ জাতীয় সংসদ ভবনের আশপাশের সব রাস্তা ও গলিপথ।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে ডিএমপি জানিয়েছে এবং সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।