ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গত শুক্রবার নিজ বাড়িতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তাঁর অভিযোগ, স্থানীয় এক যুবকের যৌন নির্যাতনের ফলে তিনি অন্তঃসত্ত্বা হন। নবজাতকের পিতৃত্বের স্বীকৃতি এবং ন্যায়বিচার দাবি করেছেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, একই গ্রামের ফখরুল তালুকদারের ছেলে হাফেজ রনি তালুকদার প্রথমে তাঁকে জোরপূর্বক নির্যাতন করেন এবং কৌশলে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে আরও কয়েকবার শারীরিক সম্পর্ক করা হয় বলে তিনি অভিযোগ করেন। স্থানীয় লোকজন জানান, রনি তালুকদার বিবাহিত, তাঁর সন্তান রয়েছে এবং তিনি ঢাকার একটি মাদরাসায় কর্মরত।
মুঠোফোনে যোগাযোগ করা হলে রনি তালুকদার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তবে ডিএনএ পরীক্ষায় শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা মেনে নেবেন বলে জানান। ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, পুলিশ বিষয়টি জেনেছে এবং ভুক্তভোগী ও তাঁর পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।