চট্টগ্রাম নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনের পঞ্চম তলার ই-২ ফ্ল্যাট থেকে কথিত অনলাইন প্রতারণার অভিযোগে আটক ৬৩ বিদেশি নাগরিকের পরিচয় পেয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন এবং নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন।
শুক্রবার খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। মামলায় ৬৩ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ আর্থিক প্রতারণা, জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অননুমোদিত ই-ট্রানজেকশনের মাধ্যমে অপরাধের অভিযোগ আনা হয়েছে। পরে মামলার তদন্তভার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে দেওয়া হয়।
অভিযানে ফ্ল্যাট থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি ট্যাব, সিপিইউ, মনিটর, প্রিন্টার, পেনড্রাইভ, সিমকার্ডসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। সিটিটিসি আটক ব্যক্তিদের ও জব্দ আলামতের হেফাজত নিয়েছে। তারা কীভাবে বাংলাদেশে এসেছেন, ভিসা বা অবস্থানের বৈধতা কী, কে থাকার ব্যবস্থা করেছে এবং কথিত চক্রটির পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।