বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ২৯ জন জুনিয়র পরামর্শককে তড়িঘড়ি করে পদোন্নতি দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের সময় কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। সরকারি নিরীক্ষা প্রতিবেদনে এই নিয়োগকে অবৈধ ও দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হলেও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একাধিকবার ব্যবস্থা নিতে চিঠি দিলেও কমিশন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। বরং নতুন সরকার আসার আগে এই কর্মকর্তাদের পদোন্নতি চূড়ান্ত করার তৎপরতা চলছে।
সূত্র জানায়, সরকারের গঠিত শ্বেতপত্র কমিটি টেলিযোগাযোগ খাতে ১৫ বছরের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধান করে প্রতিবেদনে বিটিআরসির অবৈধ নিয়োগের তথ্য তুলে ধরে। অভিযোগ রয়েছে, এই কর্মকর্তাদের পদোন্নতি দিতে কমিশন দুবার সভার তারিখ পরিবর্তন করেছে, যা কমিশনের ইতিহাসে বিরল ঘটনা।
গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি সভায় অডিট আপত্তিপ্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতি না দেওয়ার সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি। বর্তমানে বেশ কিছু পদ শূন্য থাকলেও যোগ্য কর্মকর্তারা অভিযোগ করছেন, অযোগ্যদের সুবিধা দিতে তাদের পদোন্নতি বিলম্বিত করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।